বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন এই উদ্যোগের মাধ্যমে নির্ধারিত দেশের ভ্রমণকারীরা সমন্বিত ভ্রমণ প্যাকেজ (Integrated Travel Package) বুকিংয়ের অংশ হিসেবে সহজে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (e-Tourist Visa) পাওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভিসা কর্মসূচির প্রাথমিক পর্যায়ে সাতটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশের নাগরিকরা অনুমোদিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে সৌদি আরব ভ্রমণের জন্য দ্রুত ও সহজ প্রক্রিয়ায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে পারবেন।
প্রথম ধাপে অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদের জন্য এই সুবিধা সম্প্রসারণ করা হবে। নতুন এই উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং দেশটিতে পর্যটন খাতের প্রবৃদ্ধি আরও জোরদার করা।
তবে ভিসা আবেদন, যোগ্যতা এবং ভ্রমণ প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সূত্র: Gulf News
