বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও নানা সংকটের খবর প্রতিদিনই মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খবর জানা জরুরি হলেও অতিরিক্ত নেতিবাচক সংবাদ উদ্বেগ, মানসিক চাপ এবং হতাশা বাড়াতে পারে।
মানসিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য সংবাদই বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দিনের নির্দিষ্ট সময়ে খবর পড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করাও গুরুত্বপূর্ণ।
শিক্ষা মনোবিজ্ঞানী সারা মেহজাবীনের মতে, দুঃসংবাদে উদ্বিগ্ন বা বিষণ্ন বোধ করা স্বাভাবিক। তবে সেই অনুভূতিকে স্বীকার করে কিছুক্ষণ হাঁটা, পানি পান, গভীর শ্বাস নেওয়া কিংবা আশপাশের পরিবেশে মনোযোগ দেওয়ার মতো সহজ অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, বিশ্ব পরিস্থিতি পরিবর্তন করা সবার পক্ষে সম্ভব নয়। তবে মানবিক কাজে অংশ নেওয়া, দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা করা, প্রার্থনা করা কিংবা ইতিবাচক সামাজিক উদ্যোগে যুক্ত হওয়া অসহায়ত্বের অনুভূতি কমিয়ে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে।
সূত্র: দ্য ডেইলি স্টার।
